Google search engine
HomeUncategorizedচাঁদের মতো মুখগুলোকে আঁধার থেকে রক্ষা করতে হবে-বিসিসি প্রশাসক

চাঁদের মতো মুখগুলোকে আঁধার থেকে রক্ষা করতে হবে-বিসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ সমাজের অন্ধকার ও সহিংসতার গল্প নয়, আমরা দেখতে চাই শিশুদের সাফল্য, স্বপ্ন ও সম্ভাবনার গল্প। চাঁদের মতো সুন্দর মুখগুলোকে কালো আঁধার থেকে রক্ষা করা এবং তাদের বিকাশের পথ সুগম করা আমাদের সবার দায়িত্ব। কিন্তু নানা কারণে অনেক শিশুই ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে, অকালে ঝরে যাচ্ছে তাদের সম্ভাবনা। এমন করুণ বাস্তবতা দেখতে বা শুনতে কেউ চায় না।

খেলাঘর আসর বরিশাল জেলা কমিটির দুই দিনব্যাপী সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি এবং সম্মেলন ও শিশু সমাবেশ প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সমাজের অন্ধকার ও নেতিবাচক পরিবেশ থেকে শিশুদের রক্ষা করতে হবে। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তোলা সমাজের সবার দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে শিশু-কিশোরদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করা প্রয়োজন। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব।

প্রশাসক বলেন, বর্তমান সরকার শিশুদের প্রতিভা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ‘নতুন কুঁড়ি’র মতো প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক গড়ে উঠবে। তাদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সিটি মেয়র কিংবা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দেবে।

বরিশালকে শিশু ও নারীবান্ধব, মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাঘরের মতো সংগঠনই পারে শিশু-কিশোরদের বিপথগামিতা থেকে দূরে রেখে সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন বলেন, মাঠপর্যায়ে খেলাঘরের কার্যক্রমের মাধ্যমে যে নতুন প্রজন্ম গড়ে উঠছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল চিন্তা ধারণ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাঘর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সংগঠনটি ৭৪ বছর ধরে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌছিক আহমেদ রাহাত, সভাপতিমণ্ডলীর সদস্য শুভঙ্কর চক্রবর্তী, আবুল কালাম টিপু প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments