স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে সরাসরি নগরবাসীর মতামত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নগর উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও নাগরিক সেবা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম বাজেট প্রণয়নের আগে সাধারণ নাগরিকদের মতামত জানার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও গণমুখী উল্লেখ করে বলেন, এতে বাজেট প্রণয়ন আরও বাস্তবভিত্তিক ও জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়াতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজ ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গত চার মাসে বর্তমান প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসাও করেন তারা।
সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. লোকমান হাকিম, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সচিব রুম্পা শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজনৈতিক, পেশাজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভার সমাপনী বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর দেওয়া পরামর্শ ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়ন করা হবে। তিনি নগর উন্নয়নে ভবিষ্যতেও নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন।

