মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ভোররাতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, কোবরা আতশবাজি ও ভিভেল সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর সিংগীমারী ও শ্রীরামপুর বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগীমারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী এলাকায় অভিযান চালায়। একই সময়ে শ্রীরামপুর বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাচালানকারীদের ফেলে যাওয়া অবস্থায় ২৫০ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ, ৮ হাজার ৪০০ পিস কোবরা আতশবাজি ও ৩০ পিস ভারতীয় ভিভেল সাবান উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামাল জব্দ করে বিজিবি।
জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৫৪ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়ক কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে তিস্তা ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা, মাদক ও চোরাচালানের বিস্তার রোধ এবং সীমান্তবর্তী জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও আরও কঠোর, কার্যকর ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

