মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: মাদক ও ক্যাসিনোর ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষায় লালমনিরহাটের আদিতমারীতে মাদক ও ক্যাসিনোবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবেশবাদী সামাজিক সংগঠন গ্রীন ভয়েসে’র আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। একইভাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় ডেকে আনে। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত থাকা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, যুব সমাজ সচেতন ও দায়িত্বশীল হলে একটি সবুজ, সমৃদ্ধ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শওকত আরা সিন্ধা, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক মোনছেফা তৃপ্তি, আদিতমারী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রেদোয়ান হোসেন রাঙ্গা এবং আদিতমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাদশা আলমসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
সেমিনার শেষে স্কুল প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

