খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরে ‘ছেলেধরা’ সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে রাজু বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে খুলনা নগরীর বয়রা রায়েরমহল বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু বিশ্বাস খুলনা জেলার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোড এলাকার নজরুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে একটি মোটরসাইকেলে করে রাজু বিশ্বাসসহ তিনজন রায়েরমহল এলাকায় আসেন। সেখানে রাজু স্থানীয় একটি শিশুকে কোলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উত্তেজিত লোকজন রাজুকে গণপিটুনি দেয়। তবে পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা অপর দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ জানান, স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং তারা হাসপাতালে পৌঁছান।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আড়ংঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

