মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু, একটি ভারতীয় বাইসাইকেল ও বিভিন্ন ধরনের কসমেটিকস (প্রসাধনী) সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দুটি টহল দল এসব পণ্য জব্দ করে।
জানা গেছে, পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি টহল দল সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু জব্দ করে তারা।
অন্যদিকে, নবীনগর বিওপির টহল দল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় বাইসাইকেল ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করে। এ সময় এসব পণ্যের কোনো মালিককে পাওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা গরু, বাইসাইকেল ও কসমেটিকসের মোট সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৪২০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

