বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল। আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা হিসেবে চিহ্নিত একটি বসতবাড়ি থেকে সাতটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি এয়ারগান, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জর্দা শামীমের অস্ত্রের মজুত সম্পর্কে তথ্য পাওয়া যায়। জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্দা শামীমের ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। পাশাপাশি ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

