পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট দেওয়ার পাশাপাশি তাঁর নাম যুক্ত করে ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে হয়রানি ও সম্মানহানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মো. মনির হোসেন (৪৮) নামের এক ব্যক্তি কাউখালী থানায় মো.ফয়সাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দিয়েছেন।
গত সোমবার (২৪ আগস্ট) কাউখালী থানায় দেওয়া এজাহারে মনির হোসেন অভিযোগ করেন,ফয়সাল হোসেন তাঁর প্রতিবেশী। বিভিন্ন সময়ে ফয়সাল ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ এবং খ্রিষ্টান ধর্মের প্রতি আগ্রহ দেখাতেন বলে এজাহারে দাবি করা হয়েছে। এ নিয়ে তাঁকে ইসলাম ধর্ম ত্যাগ না করার পরামর্শ দেওয়ায় ফয়সাল তাঁর ওপর ক্ষিপ্ত হন এবং বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়।
এজাহারে মনির হোসেন আরও উল্লেখ করেন,ফয়সাল প্রায় চার মাস আগে ইংল্যান্ডে যান। সেখান থেকে তাঁর ব্যবহৃত একটি ফেসবুক আইডিতে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্টে মনির হোসেনের নাম যুক্ত করে তাঁকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
মনির হোসেনের অভিযোগ, গত ২২ আগস্ট রাত আটটার দিকে তিনি ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। এরপর তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন পোস্ট এবং এআই-নির্মিত ভিডিও তাঁর আত্মীয়স্বজনের কাছে আইএমও, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তাঁর ও তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মনির হোসেন বলেন, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপপরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এছাড়া অভিযোগের সত্যতা যাচাই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত ছবি ও ভিডিওগুলোর উৎস সম্পর্কে পুলিশের তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।
তবে অভিযোগের বিষয়ে মো.ফয়সাল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

