মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইনে আটকে পড়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে তার একটি ছাগলও।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। দুপুরে ছাগল আনতে গিয়ে শারমিন দেখতে পান, একটি ছাগলের রশি রেললাইনের সঙ্গে পেঁচিয়ে গেছে। ছাগলটিকে উদ্ধার করতে তিনি রেললাইনের ওপর উঠে রশির প্যাঁচ খোলার চেষ্টা করেন। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে চলে এলে তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় একটি ছাগল।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

