তানভীর রেজা,গলাচিপা প্রতিনিধিঃ ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের দায়ের করা মামলায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থায়ী জামিন পেয়েছেন।
রোববার (২৩ আগস্ট) পটুয়াখালী জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি শেষে আসামিদের স্থায়ী জামিন মঞ্জুর করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও বিভিন্ন ঘটনাকে ঘিরে বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মামলাটি করা হয়। মামলায় আসামি হওয়ার পর তারা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।
রোববার মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এতে বকুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থায়ী জামিন লাভ করেন।
জামিনের আদেশের পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করেন, রাজনৈতিক প্রেক্ষাপটে মামলাটি দায়ের করা হয়েছিল। আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় স্থায়ী জামিন পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, মামলাটি নিয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

