গৌরনদী প্রতিনিধিঃ “শতবর্ষের টানে, এসো মিলি প্রাণে প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর মহাত্মা অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি হিসেবে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে এটি ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠানের মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শতবর্ষ উদযাপন সংশ্লিষ্ট উপদেষ্টা পর্ষদের আহ্বায়ক সদানন্দ চক্রবর্তী, পরিচালনা পর্ষদের সভাপতি অসীম কুমার ওঝা, সহসভাপতি আব্বাস আলী সরদার, সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, সহ-সম্পাদক মো. কবির সরদার, কামরুল আহসান রাসেল, উপদেষ্টা পর্ষদের সদস্য ফিরোজ সরদার, মোশারফ হোসেন সরদার, আলমগীর হোসেন মোল্লা ও জাভেদ হোসেন রানা।
বক্তারা বলেন, দীর্ঘ পথ পেরিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শতবর্ষ উদযাপনকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতি রক্ষার্থে তাঁর পৈতৃক ভিটা বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে ১৯২৭ সালের ২ জানুয়ারি এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আগামী ২০২৭ সালে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির শতবর্ষ উদযাপন করা হবে।

