Google search engine
Homeঅন্যানোএশিয়ার অন্যতম বৃহৎ শ্মশান দীপাবলি,প্রয়াত স্বজনদের স্মরণে আলোকিত কাউনিয়া মহাশ্মশান

এশিয়ার অন্যতম বৃহৎ শ্মশান দীপাবলি,প্রয়াত স্বজনদের স্মরণে আলোকিত কাউনিয়া মহাশ্মশান

বরিশাল প্রতিনিধি: প্রয়াত স্বজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আবারও প্রস্তুত হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান। সমাধিতে নতুন রঙের প্রলেপ, ফুলের সাজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর আলোকসজ্জায় ব্যস্ত সময় পার করছেন স্বজন ও আয়োজকরা। কোথাও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রয়াতদের মুখচ্ছবি, কোথাও চলছে মঠ ধোয়া-মোছার কাজ। সব মিলিয়ে শ্মশানজুড়ে এখন উৎসবের আমেজ।

শনিবার (৭ নভেম্বর) ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি। এ উপলক্ষে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় প্রায় ছয় একর জমির ওপর বিস্তৃত মহাশ্মশানটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনেও দেশ-বিদেশ থেকে প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটবে।

প্রায় দুইশ বছরের প্রাচীন এই মহাশ্মশানে রয়েছে ৭০ হাজারের বেশি মঠ। ইতিহাস অনুযায়ী, নগরীর পত্তনেরও আগে ধনাঢ্য জমিদারদের আর্থিক সহায়তায় নতুন বাজার এলাকায় এর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তা বিস্তৃত হয়ে কাউনিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। আয়তন ও ঐতিহ্যের কারণে এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ শ্মশান হিসেবে পরিচিতি পেয়েছে।

১৯২৭ সাল থেকে এখানে দীপাবলি উৎসব উদযাপিত হয়ে আসছে। কালীপূজার আগের দিন প্রয়াত পূর্বপুরুষ ও স্বজনদের স্মরণে এই আয়োজন করা হয়। এদিন সমাধিতে প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনা করেন স্বজনরা। ফুল দিয়ে সাজানো হয় মঠ ও সমাধি। প্রয়াত ব্যক্তিদের জীবদ্দশায় পছন্দের ইলিশ মাছ, পায়েসসহ নানা খাবারও নিবেদন করেন অনেকে। সন্ধ্যা নামতেই হাজারো প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মহাশ্মশান।

এই আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিণত হয় স্বজনদের মিলনমেলায়। প্রয়াতদের স্মৃতিচারণ, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন পূর্বপুরুষদের সমাধিতে শ্রদ্ধা জানাতে। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও দর্শনার্থীদের অংশগ্রহণের কথা জানিয়েছেন আয়োজকরা।

ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও বিশেষ অবস্থান রয়েছে কাউনিয়া মহাশ্মশানের। এখানে সমাহিত রয়েছেন কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ ও পিতামহ সর্বানন্দ দাশ। এ ছাড়া দেবেন্দ্রনাথ ঘোষ, কালিচন্দ্র ঘোষ ও মনোরমা বসুসহ বিভিন্ন সময়ে শেষকৃত্য সম্পন্ন হওয়া বিশিষ্ট ব্যক্তিরা এখানে শায়িত আছেন। বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক অশ্বিনী কুমার দত্তের চিতাভস্মও সংরক্ষিত রয়েছে এই মহাশ্মশানে। মৃত্যুর প্রায় ৮০ বছর পর ২০১২ সালে ভারতের কেওড়াতলা মহাশ্মশান থেকে তাঁর চিতাভস্ম এনে এখানে স্থাপন করা হয়।

প্রিয়াংকা নন্দী বলেন, প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার শান্তি কামনা এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর মহাশ্মশানে আসেন তারা। জীবিত অবস্থায় স্বজনরা যেসব খাবার পছন্দ করতেন, সেগুলোও সমাধিতে নিয়ে আসেন। কেউ ইলিশ মাছ, কেউ পায়েসসহ পছন্দের খাবার নিবেদন করেন। পরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন।

অয়ন বিশ্বাস বলেন, শ্মশান দীপাবলির দিন প্রতিটি সমাধিতে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। এর মাধ্যমে প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনা করা হয়। প্রতিবছর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই বিশেষ দিনে মহাশ্মশানে আসেন এবং প্রিয়জনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

কাউনিয়া মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিজয় ভক্ত বলেন, দীপাবলি উপলক্ষে মহাশ্মশানের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শনিবারের আয়োজনের অপেক্ষা। বিকেল থেকেই দর্শনার্থীদের সমাগম শুরু হবে বলে আশা করছেন তারা। এবারের আয়োজনেও প্রায় এক লাখ মানুষের উপস্থিতি হতে পারে।

কমিটির সভাপতি অসীম কুমার দাস মুরালী জানান, প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই আয়োজনে অংশ নেন। ভারত, নেপাল ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও দর্শনার্থীরা আসেন। তাঁদের আগমনকে কেন্দ্র করে মহাশ্মশান এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাশ্মশান এলাকায় পুলিশি টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, শ্মশান দীপাবলির নিরাপত্তায় প্রায় ৩০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি এসআরবি-৮-এর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ ছাড়া ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করবেন। নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় ফুট প্যাট্রোল পরিচালনা করা হবে।

শতবর্ষের ঐতিহ্য, ইতিহাস আর স্বজন হারানোর স্মৃতি ধারণ করে প্রতি বছরই ফিরে আসে কাউনিয়া মহাশ্মশানের এই আয়োজন। শনিবার সন্ধ্যায় হাজারো প্রদীপের আলোয় আবারও আলোকিত হবে প্রিয়জনদের স্মৃতিবিজড়িত এই মহাশ্মশান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments