তানভীর রেজা,গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক প্রধান শিক্ষকের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গুয়াবাড়ীয়া এ.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করা হয়েছে। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে তিনি সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধান শিক্ষক।

