নিজস্ব প্রতিবেদকঃ উপমহাদেশের সর্ববৃহৎ শ্মশান হিসেবে পরিচিত বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশান পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মহাশ্মশান এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মহাশ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রশাসক শ্মশানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এর নিরাপত্তা জোরদারে দ্রুত সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণ ও পর্যাপ্ত লাইট পোস্ট স্থাপনের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রায়, বরিশাল মহানগরের সদস্য সচিব লিমন সাহা কানু, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু, মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি অসিম দাস মুরালি এবং সাধারণ সম্পাদক বিজয় ভক্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, দক্ষিণ জেলা বিএনপির ফারজানা খান রোজী, নারায়ণ চন্দ্র দে নারু, সমির সাহা, সমির দাস, বিশ্বজিৎ ঘোষ বিশু, শিব শংকর দাস, অলোক বসু, মুরাদ ভক্ত, ভোলা অসিমসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

