গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে ঋণের দায় ও পাওনাদারদের চাপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর মরিশাসে ছিলেন পুলিন। এক বছর আগে দেশে ফিরে বাড়ির কাছে একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
স্বজন ও স্থানীয়দের দাবি, প্রবাসে থাকাকালে বিভিন্ন এনজিও ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন পুলিন। দেশে ফেরার পরও সেই ঋণের কিস্তি ও পাওনা টাকা পরিশোধ নিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে পাওনাদার ও এনজিও কর্মীদের পক্ষ থেকে টাকা পরিশোধের জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তারা।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেন পুলিন। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

