খবর বিজ্ঞপ্তি: পেশাগত দায়িত্ব পালনকালে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের (বিজেইউজে) সদস্য ও দৈনিক বরিশাল মুখপত্রের বার্তা সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এবং একই পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্বর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে বরিশাল নগরীর দরগাবাড়ি এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণের সময় ওই দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে সংগঠনটির বিবৃতিতে জানানো হয়েছে। এ সময় হামলাকারীরা তাদের ‘আওয়ামী লীগ’ ও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত বুম ভাঙচুর এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও জোরপূর্বক মুছে ফেলা হয়।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুর অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে তারা আরও বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়; বরং ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে তা জনসম্মুখে তুলে ধরতেই পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়ে থাকলে বিষয়টি আরও উদ্বেগজনক।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ এবং বরিশালে সাংবাদিকদের নির্বিঘ্ন ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

