নিজস্ব প্রতিবেদকঃ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা।
০৪ জুন,বৃহষ্পতিবার বিকেলে বরিশাল নগরীর টাউন হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, জনগণের মতামত ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। জনগণের কষ্ট লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যাংকিং খাতের বিষয়ে জহির উদ্দিন বাবর বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি অর্থনৈতিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।
এ সময় মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

