নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সভাপতি ও দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান,সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির(৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কার্যালয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় কয়েকজন সিনিয়র সংবাদকর্মী জানান, দৈনিক সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশার মধ্যে ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

