বরিশাল প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগরীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই রাতে গৌরনদীতে সাবেক এক কাউন্সিলরের বাড়িতে আগুন দেওয়া, সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া গৌরনদীতে যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে বরিশাল নগরীর বটতলা এলাকায় জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা চালায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের সামনের গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সদস্য কেএম আহসান ইমাম খায়রুল খান অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কসবা গ্রামের বাড়িতে স্থানীয় বিএনপির একদল সশস্ত্র লোক হামলা চালায়। এ সময় তাঁর ভাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ইমরাত খানের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলার সময় বাড়িতে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফায় তাঁদের বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো ঘরটি পুড়ে যায় বলে দাবি করেন তিনি।
একই রাতে গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বার্থী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লার বাড়িতেও হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বিএনপির একদল নেতাকর্মী বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
তবে এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তৃতীয় কোনো পক্ষ কিংবা নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
এদিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নান্নু মৃধাকে (৩৮) পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। লকডাউন কর্মসূচি চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের অভিযোগে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। স্বজনরা জানান, প্রথমে তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নান্নু মৃধা সুন্দরদী নবীনগর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম কিবরিয়ার ছেলে।
এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে এসব কর্মসূচির কথা জানান। তাঁর দাবি, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষের মহানগর যুবলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
ভিডিওতে কয়েকজনকে সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাঁদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে শোনা যায়। তবে মুখে মাস্ক থাকায় বিক্ষোভকারীদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর সূত্র ধরে গড়িয়ারপাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতে সেখানে অল্প সময়ের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও কর্মসূচি দীর্ঘস্থায়ী হয়নি। এ ছাড়া ছাত্রলীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খানের অনুসারীদের বিরুদ্ধেও একই এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের কাছে এ ধরনের অবরোধের খবর ছিল না।
এদিকে রাতভর বরিশাল নগরী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও তৎপরতা দেখা গেছে। বিভিন্ন এলাকায় তাঁদের দফায় দফায় মহড়া দিতে দেখা যায়।

